ব্যক্তিগত কারণ দেখিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের ডিনের পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
চলতি বছরের ভর্তি পরীক্ষায় ধর্মীয় উসকানিমূলক প্রশ্ন রাখার ঘটনায় ১০ বছর বিভাগের সব ধরনের পরীক্ষা কার্যক্রম থেকে বহিষ্কৃত হওয়ার পর গত রবিবার তিনি উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের কাছে পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্য তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চারুকলা অনুষদের ভর্তি পরীক্ষায় দুটি ধর্মীয় উস্কানিমূলক প্রশ্ন রাখায় বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠন ও শিক্ষকরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়।
এরই প্রেক্ষিতে গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ৪৭৪ তম সিন্ডিকেট সভায় অধ্যাপক মোস্তাফিজুর রহমান ও প্রশ্ন প্রণয়নকারী চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমাকে আগামী ১০ বছরের জন্য সকল প্রকার পরীক্ষা কার্যক্রমে নিষিদ্ধ করা হয়। একইসঙ্গে আইনগত কোন বাধা না থাকলে অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে ডিনের পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এরপরই মোস্তাফিজুর রহমান পদত্যাগ করেন।
ইত্তেফাক/ইউবি