দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক ভালো রয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এবং যশোর-২ আসনের সাংসদ অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির।
সোমবার বেলা ১১টায় ঝিকরগাছা উপজেলা পরিষদের হল রুমে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মূখ্য উপদেষ্টা হিসাবে বক্তব্য প্রদানকালে তিনি এ মন্তব্য করেন।
মনিরুল ইসলাম মনির বলেন, চুরি, ডাকাতি ও হত্যা এই ধরনের অপরাধ পৃথিবী সৃষ্টির পর থেকেই হয়ে আসছে। দেশে এখন যে সকল অপরাধ হচ্ছে তা প্রতিকার ও প্রতিরোধে বর্তমান প্রধানমন্ত্রীর কার্যকলাপ সত্যিই প্রশংসনীয়।
তিনি আরো বলেন, বাল্যবিবাহ এবং মাদক নিয়ন্ত্রণ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এ সময় তিনি বাল্যবিবাহ এবং মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি সমাজের সচেতন সকলকে এগিয়ে এসে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম মুকুল, সাধারণ সম্পাদক মুছা মাহামুদ, জেলা পরিষদ সদস্য মো. ইকবাল আহমেদ রবি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফকির আব্দুল আজিজ, শিওরদাহ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আশরাফুল ইসলাম, ঝিকরগাছা প্রেসক্লাব সভাপতি খন্দকার বশির আহমেদ, ১১টি ইউনিয়নের চেয়ারম্যান, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
ইত্তেফাক/ইউবি