রাজশাহীতে ১৫০ ভরি স্বর্ণের ১৫টি বারসহ এক পাচারকারীকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবার পথে আজ সোমবার সকাল ১০টার দিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সুলতানগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লিটন আলী শেখ (৩০) এর বাড়ি সিরাজগঞ্জের জানপুর গ্রামে।
মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা জানান, বাস তল্লাশি করে তার কাছ থেকে ১৫০ ভরি ওজনের ১৫টি সোনার বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন ১০ ভরি করে। আটক সোনা ভারতে পাচার করা হতো বলে নিশ্চিত হওয়া গেছে। এর আনুমানিক মূল্য ৭৫ লাখ টাকা।
রাজশাহী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মোহম্মদ লুৎফর রহমান জানান, ১৫০ ভরি স্বর্ণের বারসহ আটক লিটন একজন পেশাদার সোনা পাচারকারী। মাদক অভিযান চালাতে গিয়ে তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সোমবার দুপুরে স্বর্ণের বারসহ পাচারকারী লিটনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
উপ-পরিচালক জানান, তাদের কাছে গোপন খবরছিল চট্টগ্রাম থেকে ইয়াবার একটি বড় চালান চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছে। ওই খবরের ভিত্তিতে ইয়াবার সন্ধান করতে গিয়ে সোনার চালানটি ধরা পড়ে।
ইত্তেফাক/কেকে