একজন সৎ, যোগ্য ও নিষ্ঠাবান ব্যক্তিকে ভোট দিয়ে রংপুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র নির্বাচিত করতে শপথ নিলেন ভোটাররা। এ সময় মেয়র প্রার্থীরাও একে-অপরের হাতে হাত রেখে নির্বাচিত হয়ে ভোটারদের কাছে দেয়া প্রতিশ্রুতি রক্ষার্থে প্রতিজ্ঞাবদ্ধ হন।
রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে সোমবার সুশাসনের জন্য নাগরিক সুজনের উদ্যোগে রসিক নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বি মেয়র প্রার্থীদের নিয়ে আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে সাধারণ ভোটার ও মেয়র প্রার্থীরা এই প্রতিজ্ঞাবদ্ধ হন। অনুষ্ঠানে রসিক নির্বাচনের ৭ মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টু ও জাপা চেয়ারম্যান এইচএম এরশাদের ভাতিজা বহিষ্কৃত যুগ্ম সম্পাদক এইচএম আসিফ শাহরিয়ার বাদে অন্য সকল মেয়র প্রার্থী উপস্থিত ছিলেন।
IMG0
নির্বাচিত হলে মেয়র প্রার্থীরা সিটি কর্পোরেশনের উন্নয়নসহ কী কী পদক্ষেপ নিবেন উপস্থিত ভোটারদের এমন প্রশ্নের উত্তরে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমি নির্বাচিত হলে আমার প্রথম কাজ হবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। এছাড়া শ্যামাসুন্দরী খালটি সংস্কার করে জলাবদ্ধতা নিরসন এবং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা। ফুটপাত থেকে হকার উচ্ছেদ করে যানজট নিরসন এবং স্বাস্থ্যসেবার উন্নয়নে পুরাতন সদর হাসপাতালটি চালু করব।
বিএনপির মেয়র প্রার্থী কাওসার জামান বাবলা বলেন, আমি নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত পরিচ্ছন্ন সিটি কর্পোরেশন উপহার দেব। আমি নিজেও কোন দুর্নীতি করব না কাউকে দুর্নীতি করতেও দিব না। মাদকমুক্ত এবং রাস্তাঘাটের উন্নয়ন অগ্রাধিকার পাবে। বেকার সমস্যার সমাধান করব। শিক্ষার উন্নয়নে যা যা করা দরকার আমি তাই করব। তিনি আরও বলেন, আমি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শংকিত রয়েছি। কারণ বর্তমান সরকারের আমলে কোন নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাই আমি আবারও সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাই।
IMG1
বাসদের মেয়র প্রার্থী আবদুল কুদ্দুস নির্বাচনে কালো টাকা ও প্রভাবমুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, যানজট নিয়ন্ত্রণে অটোরিকশা চলাচলে নিয়ন্ত্রণ করা হবে। দলীয় ও সন্ত্রাসমুক্ত সিটি কর্পোরেশন গড়ে তুলব। মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করব।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী এটিএম গোলাম মোস্তফা বাবু বলেন, সিটি নির্বাচনে টাকা দিয়ে যাতে কেউ ভোট কিনতে না পারে সেজন্য প্রশাসনের নজরদারি থাকতে হবে। যানজট নিরসন ও বেকার সমস্যা সমাধানে আমার ব্যাপক কর্মসূচি থাকবে।
ন্যাশনাল পিপলস পার্টির মেয়র প্রার্থী সেলিম আখতার বলেন, নির্বাচিত হলে শিক্ষা ও চিকিৎসার সুব্যবস্থা করব সিটিবাসীর জন্য। রাস্তাঘাট সংস্কার ও ড্রেনেজ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করব।
সুজন মহানগর শাখার সভাপতি খন্দকার ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক সুজন কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, জেলা সভাপতি আকবর হোসেন প্রমুখ। পরে ভোটার ও মেয়র প্রার্থীদের শপথ বাক্য পাঠ করানো হয়।
এদিকে নির্বাচন উপলক্ষে রাতে মহানগরীর শাপলা চত্বরে জাতীয় শ্রমিকলীগ রংপুর মহানগর আহ্বায়ক কমিটি আয়োজনে নির্বাচনী এক জনসভায় মেয়র প্রার্থী সরফুদ্দীন আহমেদ ঝন্টুর হাতে নৌকা প্রতীক তুলে দিয়ে আওয়ামী লীগে যোগদান করলেন জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ মুক্তি আন্দোলনের সভাপতি মো. আব্দুল লতিফ খান ও মহানগর বিএনপির সদ্য পদত্যাগকারী সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান ফতেহ আলী খোকনের নেতৃত্বে ৫ শতাধিক নেতাকর্মী। এ সময় তারা আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান। এর আগে গত ৭ ডিসেম্বর জামায়াত-শিবির চক্রের সঙ্গে বিএনপি জোট করায় রংপুর সদর উপজেলার দর্শনা ইউনিয়নের তিন বারের নির্বাচিত চেয়ারম্যান এবং রংপুর মহানগর বিএনপির সহ-সভাপতি ফতেহ আলী খোকন দলীয় পদ থেকে পদত্যাগ করেন।
IMG2
অপরদিকে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মণ্ডল বলেন, রংপুর সিটি কর্পোরেশন উপলক্ষে আওয়ামী লীগ ও অঙ্গ এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীদের নিয়ে ৩৩টি ওয়ার্ডে ১১টি কমিটি গঠন করা হয়েছে। ১টি কমিটি ৩টি ওয়ার্ডের দায়িত্ব পালন করছে। এ সকল কমিটির দেখভাল আমি করছি। কমিটিগুলো প্রতিদিন ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে ৭/৮ করে নির্বাচনী গণসংযোগসহ পথসভা করছে। তবে এখন পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়নি। ৪ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ঢাকা থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বে ২টি টিম রংপুরে এসে নির্বাচনের কার্যক্রমে অংশগ্রহণের কথা থাকলেও ৬ দিন অতিবাহিত হওয়ার পরও কেন এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতারা রংপুরে আসেনি তা জানতে চাইলে বাবু তুষার কান্তি বলেন, তারা আসবেন। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের কথা থাকলেও এখনও কেন সেটি করা হয়নি সে প্রসঙ্গে তিনি এ প্রশ্ন আওয়ামী লীগের মেয়র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরফুদ্দীন আহমেদ ঝন্টুকে জিজ্ঞেস করতে বলেন।
ইত্তেফাক/আরকেজি