মা-বাবাকে মারধরের দায়ে পুত্রকে কারাদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে মা-বাবাকে মারধরের অপরাধে মো. জাহেদ (২৫) নামে মাদকাসক্ত পুত্রকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আক্তার উননেছা শিউলী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মো. জাহেদ হাটহাজারী পৌরসভাধীন পশ্চিম দেওয়ান নগর মিয়াজী পাড়াস্থ অলি আহাম্মদ সুবেদার বাড়ীর নূরুল ইসলামের পুত্র।
 
দণ্ডিত মো. জাহেদের পরিবার সূত্র জানায়, সে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে মাদক সেবন করে গৃহস্থালীর জিনিসপত্র ভাঙচুরসহ পারিবারিক অশান্তি সৃষ্টি করে আসছে। সোমবার সন্ধ্যায় সে মাদক সেবনের টাকার জন্য তার মা মাসুদা বেগমকে বেধড়ক পিটুনি দেয়। পিতা প্রতিবাদ করতে এগিয়ে এলে তাকেও সে পিটুনি দেয়।

সংবাদ দেওয়া হলে হাটহাজারী ইএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে মো. জাহেদকে ঘটনাস্থল থেকে আটক করে। সেখানে সাক্ষ্য প্রমাণ ও জাহেদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতে তাকে এক বছরের কারাদণ্ড প্রদান করেন ইউএনও।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আক্তার উননেছা শিউলী ইত্তেফাককে বলেন, মাদকাসক্ত হয়ে আপন পিতা ও মাতাকে মারধরের অপরাধ প্রমাণিত হওয়ায় মো. জাহেদকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
 
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দণ্ডিত ব্যক্তিকে মঙ্গলবার কারাগারে প্রেরণ করা হবে।

ইত্তেফাক/নূহু