হবিগঞ্জের মাধবপুরে ডাকাতের ছুরিকাঘাতে পুলিশের এক উপ-পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে মাধবপুর-ছাতিয়াইন সড়কে এ ঘটনা ঘটে। আহত উপ-পরিদর্শক জিয়াউর রহমানকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিয়াউর রহমান ছাতিয়াইন পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত এসআই।
প্রত্যক্ষদর্শী এক অটোরিকশা চালক জানান, রাত ১০টার দিকে মাধবপুর-ছাতিয়াইন সড়কে একদল ডাকাত রাস্তায় একটি গাড়ি আটক করে। এ সময় টহলরত ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জিয়াউর রহমান ডাকাতদের চ্যালেঞ্জ করলে তাদের সাথে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় জিয়াউর রহমানকে রাত ১১টার দিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে আশংকাজনক অবস্থায় রাতেই তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ঘটনার সত্যতা স্বীকার করে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন্নবী জানান, সোমবার রাতে তিনি মাধবপুর থানা থেকে ছাতিয়াইন তদন্তকেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় রতনপুর নামক স্থানে একদল দুর্বৃত্ত কিছু মানুষকে আটকায়। তখন বিষয়টি দেখতে পেয়ে তিনি এ অবস্থা মোকাবেলা করার জন্য এগিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছে।
হায়াতুন্নবী বলেন, আমরা ডাক্তারের সাথে কথা বলেছি। জিয়াউর আশংকামুক্ত। দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে। আশা করা যায় অবিলম্বে তাদের গ্রেফতার করা সম্ভব হবে। যারা পুলিশের ওপর আক্রমন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/নূহু