‘নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে। তারা যেন সঠিক তথ্য জেনে বেড়ে উঠতে পারে।’ রাজধানীর কাকরাইল মোড়ে ‘যুবজাগরণ’ লাইব্রেরী পরিদর্শন শেষে দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন একথা বলেন। সেখানে তিনি উপস্থিত শিশুদের সঙ্গে কথা বলেন। যুবলীগের এই প্রয়াসের প্রশংসা করেন তিনি। এ সময় সংগঠনটির ঢাকা মহানগরের (দক্ষিণ) সভাপতি ইসমাইল হোসেন সম্রাটও উপস্থিত ছিলেন।
লাইব্রেরী পরিদর্শনের সময় সেখানে পাঠরত উইলস লিটন ফ্লাওয়ার স্কুলের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তাসমিমা হোসেন। তিনি বলেন, ‘এরা এখন যে বইগুলো পড়ছে আমরা বড় হয়ে সেই বইগুলো পড়েছি।’ শিশুদের এই ধরনের পাঠাভ্যাসের প্রশংসা করে তিনি বলেন, ‘যুবলীগ আগামী প্রজন্মের কাছে যেভাবে সত্য ইতিহাস তুলে ধরার প্রয়াস চালিয়ে যাচ্ছে তা দেখে সত্যিই অভিভূত হয়েছি। এই লাইব্রেরীটি বেশ সমৃদ্ধ। এখানে বঙ্গবন্ধুর উপর লেখা সব ধরনের বই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহেনাসহ জাতির পিতার পরিবারের সকল সদস্যের জীবনী নিয়ে লেখা বই রয়েছে।’ লাইব্রেরীতে থাকা যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর লেখা চার শতাধিক বই দেখেও প্রশংসা করেন তিনি।
জানা গেছে, এই লাইব্রেরীতে বসে বই পড়ার পাশাপাশি সেখান থেকে পছন্দের বই কেনাও যায়। সেখানে উপস্থিত যুবলীগ নেতাদের সঙ্গেও কথা বলেন তাসমিমা হোসেন। এ সময় সেখানে ঢাকা মহানগর যুবলীগের (দক্ষিণ) সভাপতি ছাড়াও সহ-সভাপতি মাইন উদ্দিন রানা, সরোয়ার হোসেন মনা, এনামুল হক আরমান, মুরসালিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, মাকসুদুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য মাসুদ হাসান রুমি, আশিকুর রহমান নাদিম, সহিদুল ইসলাম হূদয়সহ কয়েকশ’ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/নূহু