ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই নিউজিল্যান্ডের

হ্যামিল্টনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ২৪০ রানের বিশাল ব্যবধানে জিতেছে নিউজিল্যান্ড। এর আগে প্রথম টেস্টেও ইনিংস ও ৬৭ রানের বড় জয় পেয়েছিল কিউইরা। তাই দুই ম্যাচ টেস্ট সিরিজে কিউইদের কাছে ধবলধোলাইয়ের শিকারই হতে হলো ক্যারিবীয়দের।  
 
এই ম্যাচে নিউজিল্যান্ডের জয়টা সোমবার আগের দিনই অনুমিত ছিল। কারণ জয়ের জন্য ৪৪৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩০ রানে দুই উইকেট হারিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শেষ করে ক্যারিবীয়রা। আজ সেখান থেকে আবারও দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করলে ২০৩ রানে থামে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস।
 
আজ চতুর্থ দিনেও টপ অর্ডারে বড় কোনো জুটি গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ৮০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুকতে থাকে। তবে ষষ্ঠ উইকেটে রেমন্ড রেইফারকে নিয়ে ৭৮ রানের একটি জুটি গড়ে খেলায় কিছুটিা প্রাণ ফেরান রোস্টন চেজ। এ সময় চেজের উইকেট ওয়াগনার তুলে নিলে নিউজিল্যান্ডের জন্য কাজ সহজ হয়ে যায়। ৯৮ বল থেকে ৮টি চারের মারে ইনিংস সর্বোচ্চ ৬৪ রান করেন চেজ। বাকি চার উইকেট তুলে নিতে নিউজিল্যান্ডকে খরচ করতে হয়েছে আর ৫১ রান।
IMG0
কিউই বোলারদের মধ্যে নেইল ওয়াগনার তিনটি এবং ট্রেন্ট বোল্ট, টিম সাউদি ও মিচেল সাঁটনার দুটি করে উইকেট নিয়েছেন।
 
এর আগে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ৩৭৩ রান করে। জবাবে ২২১ রানেই থামে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। পরে ৮ উইকেটে ২৯১ রান তুলে নিউজিল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করলে কিউইদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৪৪৪ রানের।
 
ইত্তেফাক/কেআই