তোমার কুসুম রঙের হাসিই আমার মিনি বাংলাদেশ
দৃষ্টির ঝাপসা অক্ষরে ধূধূ লেখার বুনন—এসো ভেঙে ফেলি
মফস্বলের উচাটন উপমায় রাঙিয়ে নিই—দিগন্তের সবুজ কাজল
যদিও সভ্যতা আর অবক্ষয়ের লীলার জাদু এই দেশ, সহিষ্ণু এই ভিটা
তবুও অবক্ষয় চাই না, আমাদের নীল ইচ্ছের মালিকানাহীন ভূগোলে
উড়ন্ত পাখি উড়তে উড়তে যেদিন সুদূর রেখায় আঁকবে জীবন ও প্রেমের যোগচিহ্ন
মনে রেখো, সেটিই আমাদের শুভারম্ভ, আর সেখান থেকেই চন্দ্রমথিত
আলোর হ্রেষায় ছড়িয়ে পড়বে জমিতে রুপারপলি, শষ্যনক্ষত্রে বেজে উঠবে
জাগরণের স্বপ্নবীজ, কৃষক-কৃষাণির ডালভাত কাহিনি।