দৌলতপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মাহিম (১৩) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। সে বৈরাগীরচর গ্রামের আব্দুল জাব্বারের ছেলে এবং বৈরাগীরচর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। মঙ্গলবার দুপুর ২টার দিকে বৈরাগীরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহিম ও তার বন্ধুরা দুপুরে বৈরাগীরচর বাজার সংলগ্ন পদ্মা নদীতে গোসল করতে নামে। হঠাৎ মাহিম পানিতে তলিয়ে যায়। এ সময় তার বন্ধুরা তাকে খুঁজে না পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা ছুটে গিয়ে মাহিমকে নদী থেকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মাহিমের মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/অারকেজি