যথাযোগ্য মর্যাদায় গতকাল মঙ্গলবার আর্মি স্টেডিয়ামে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের অনন্য স্বীকৃতি অর্জন উদযাপন করেছে সেনাবাহিনী। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক (অবঃ) এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের উপস্থিতিতে সেনাবাহিনীতে কর্মরত সকল সামরিক ও অসামরিক সদস্যগণ তাদের পরিবারবর্গসহ এবং ঢাকা ও মিরপুর এলাকার সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সকল স্কুল/কলেজসমূহের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও শিক্ষকমণ্ডলী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক এ গৌরবময় অর্জনকে যথাযোগ্য মর্যাদা এবং উত্সাহ উদ্দীপনার সঙ্গে উদযাপনের পরিকল্পনা গ্রহণ করে। এ প্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় ঢাকা, মিরপুর এবং পোস্তগোলা সেনানিবাস্থ সকল ফরমেশন/ইউনিট/সংস্থা একত্রিতভাবে এ অর্জনকে উদযাপন করা হয়।
অনুষ্ঠানে ৭ মার্চের ভাষণ প্রদর্শন ছাড়াও ভাষণের প্রেক্ষাপট, বিষয়বস্তু এবং স্বাধীনতা যুদ্ধে এর প্রভাব/ভূমিকা আলোচনা করা হয়। এছাড়াও অনুষ্ঠানের দেশাত্মবোধক কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন, শিমুল মুস্তাফা, হাসান আরিফসহ দেশ বরেণ্য শিল্পী ও আবৃত্তিকারগণ। অনুষ্ঠানের সমাপ্তি হয় মনোজ্ঞ লাইট ও সাউন্ড শো এবং আতশবাজির মধ্য দিয়ে।
ইত্তেফাক/আনিসুর