ফুলবাড়ীতে বুধবার দুপুর ১টার দিকে স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৪জন স্বর্ণকারিগর দগ্ধ হয়েছেন।
তারা হলেন- পৌর এলাকার কাঁটাবাড়ি গ্রামের কিশোরী মহোনের ছেলে হরিপদ রায় (৪০), একই গ্রামের মহেন্দ্র ঠাকুরের ছেলে রতন কুমার (৩০), উপজেলার রাঙ্গামাটি গ্রামের তারাপদ রায়ের ছেলে সুমন রায় (২৯) ও বাসুদেবপুর গ্রামের বাবলু চন্দ্রের ছেলে সুব্রত কুমার (২৯)। এদের মধ্যে সুব্রত কুমার, হরিপদ রায় ও সুমন রায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে এবং রতন কুমারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, দত্ত জুয়েলার্স নামের স্বর্ণের দোকানের সিলিন্ডারের গ্যাস শেষ হওয়ায় সেটি রিফিল করে স্বর্ণকারিগররা অলঙ্কার তৈরির কাজ করার সময় তা বিস্ফোরণ ঘটে। এতে কর্মরত ওই চারজন স্বর্ণকারিগর ঘটনাস্থলে গুরুতর দগ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কিন্তু ওই তিনজনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
দত্ত জুয়েলার্সের মালিক শিব প্রসাদ দত্ত বলেন, ছোট গ্যাস সিলিন্ডার দিয়ে আগুন জ্বালিয়ে কাজ করার সময় সেটি বিস্ফোরণ ঘটেছে। এতে চারজন কর্মচারী আহত হয়েছেন। তবে আহতদের চিকিৎসার সার্বিক ব্যবস্থা করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি