আকায়েদের পরিবারের সদস্যরা নজরদারিতে : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে হামলাকারী আকায়েদের বাংলাদেশে থাকা পরিবারের সদস্যদের নজরদারিতে রাখা হয়েছে। এ বিষয়ে সরকার সতর্ক আছে বলেও জানান তিনি।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আসন্ন বড়দিন উদযাপন এবং থার্টি ফার্স্ট নাইট-এর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

অপরদিকে থার্টি ফার্স্ট নাইট অর্থাত্ ৩১ ডিসেম্বর বিকাল থেকে ১ জানুয়ারি সকাল পর্যন্ত মদের দোকান ও বার বন্ধ থাকবে বলে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে ওই দিন সন্ধ্যার আগেই সব অনুষ্ঠান শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আকায়েদ উল্লাহ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১১ সাল থেকে সে সেখানে বসবাস করে। যুক্তরাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনী তার বিষয়ে তদন্ত করছে। আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীও তার পরিবার সদস্য ও আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করছে। আকায়েদের সঙ্গে পরিবার সদস্য বা আত্মীয় স্বজনদের কোনো সন্ত্রাসী সংযোগ পাওয়া গেলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

ইত্তেফাক/নূহু