ডাকসু নির্বাচনের আশ্বাস ঢাবি উপাচার্যের

 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো.আখতারুজ্জামান বলেছেন, ‘আমরা ডাকসুর নির্বাচন না হওয়ার ২৭ বছরের সংস্কৃতি হতে বেরিয়ে আসতে চাই। আমরা ডাকসু নির্বাচন ইনশাল্লাহ করবো ।’
 
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়ায় সাংবাদিক সমিতির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০১৭ সালের কার্যকরী পরিষদের দায়িত্ব হস্তান্তর উপলক্ষে সাংবাদিক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
 
অনুষ্ঠানে ‘সামাজিক মাধ্যম বনাম মূলধারার গণমাধ্যম’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রুবায়েত ফেরদৌস। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল, বাসসের সিনিয়র রিপোর্টার খাইরুজ্জামান কামাল, ডুজার সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান প্রমুখ।
 
অনুষ্ঠানে সমিতির সদ্য সাবেক সভাপতি ফরহাদ উদ্দিন ও সাধারণ সম্পাদক ফররুখ মাহমুদের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি আসিফুর রহমান ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন।
 
ইত্তেফাক/এমআর