মাদারীপুরের রাজৈর উপজেলার মোল্লাকান্দি গ্রামে নাসির উদ্দিন শেখ (২৭) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ ও নিহতের পিতা নুরুজ্জামান শেখ জানান, ছেলে নাসিরউদ্দিন শেখ গত বুধবার রাত দশটার দিকে পাশের পশ্চিম রাজৈর গ্রামে শশুর বাড়ী যাওয়ার পর সে আর বাড়ী ফিরে আসেনি।
আজ বৃহস্পতিবার সকালে বোন নিজ বসত ঘরের পিছনে গেলে নাসিরকে একটি গাছের সঙ্গে হেলান দেয়া বসা অবস্থায় দেখতে পেয়ে নিকটে যায় এবং মৃত দেখতে পেয়ে চিৎকার দিলে পরিবারের সকলে ছুটে আসে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়। ওসি (তদন্ত) মো: সিরাজুল ইসলাম জানান, নিহত নাসিরের গলায় ফাঁস দেয়ার কালো চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর এখানে ফেলে রেখে গেছে।
নাসির ৭-৮মাস পূর্বে বাবা-মার অমতে প্রেম করে পশ্চিম রাজৈর গ্রামের ইউনুস আকনের মেয়ে শিউলিকে বিয়ে করেন। এ বিয়ে নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।
ইত্তেফাক/সেতু