নদীর বুকে চর, ধান চাষের প্রস্তুতি

 
শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে মাগুরা জেলা দিয়ে প্রবাহিত কয়েকটি নদীর বুকে চর জেগে উঠেছে। এর ফলে ওইসব নদীর কিছু কিছু স্থানে নৌচলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে স্থানীয় কৃষকরা ইরি-বোরো ধান চাষের প্রস্তুতি নিচ্ছেন।
 
জানা গেছে, জেলার চারটি উপজেলার উপর দিয়ে প্রবাহিত নবগঙ্গা, ফটকি, চিত্রা ও কুমার নদী। শীত মৌসুম শুরু হওয়ার সাথে সাথে নদীগুলো  শুকিয়ে যাওয়ায় জেগে উঠেছে প্রকাণ্ড চর। কৃষকরা ইতিমধ্যে সেখানে ইরি-বোরো ধানের আবাদ করার প্রস্তুতি নিচ্ছেন। নদীতে পানি না থাকায় নৌচলাচল বন্ধ থাকার পাশাপাশি প্রায় ৫ হাজার মৎস্যজীবী বেকার হয়ে পড়েছেন। মাগুরা শহরের পাশদিয়ে প্রবাহিত নবগঙ্গা নদীতে বিশাল বিশাল চর জেগে উঠেছে। পূর্বে যে নদীতে বড় বড় স্টিমার চলতো সেই নদীতে জেগে উঠেছে প্রকাণ্ড সব চর। বর্তমানে ইঞ্জিন চালিত নৌযান চলাচল বন্ধ। নদীর চরে ও নদীর মধ্যে ধানের ফলন ভালো হয় এবং উৎপাদন ব্যয় কম হওয়ায় কৃষকরা ব্যাপক ভাবে ধান চাষে ঝুঁকে পড়ছেন।
 
এই অবস্থায় সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নদীগুলো পুনঃখনন করলে আবার পূর্বের অবস্থা ফিরে পেতে পারে বলে স্থানীয় বিশেষজ্ঞরা মনে করেন। অন্যদিকে স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে।
 
ইত্তেফাক/জামান