জমিদার, নারীশিক্ষার প্রবর্তক, সমাজসেবক ও সাহিত্যিক নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর স্মৃতিবিজড়িত বাড়ি ‘নওয়াব ফয়জুন্নেছা হাউজ’-এর সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার সন্ধ্যায় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রত্নতত্ত্ব অধিদফতরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের কুমিল্লাস্থ আঞ্চলিক কার্যালয়ের পরিচালক ড. মো. আতাউর রহমান বলেন, ‘২০১৭ সালের জুলাইয়ে এ বাড়িটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে পুরাকীর্তি গেজেট আকারে প্রকাশিত হলে ২০১৮-১৯ অর্থবছরে বাড়িটিকে নওয়াব ফয়জুন্নেছা স্মৃতি জাদুঘর হিসেবে সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ গৃহীত হয়। আমরা সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে বাড়িটিকে সহসাই উন্মুক্ত জাদুঘর এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’