ছুটির দিনগুলিতে আখাউড়া বন্দরের ব্যাংক-বুথ খোলা থাকবে

 
আখাউড়া স্থলবন্দরের সোনালী ব্যাংক-বুথ সাপ্তাহিক ও অন্যান্য ছুটির দিনেও খোলা থাকবে। ভ্রমণকারী যাত্রীদের সুবিধার্থে ব্যাংক-বুথ চালু করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।
 
জানা গেছে, আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ভ্রমণকারীদের ৫শ টাকা ভ্রমণ কর দিতে হয়। স্থলবন্দরে সোনালী ব্যাংকের একটি বুথ থাকলেও তা ছুটিরগুলোতে খোলা থাকে না। শুক্রবার, শনিবার ও অন্যান্য ছুটির দিনে ওই বুথ বন্ধ থাকে। ছুটির দিনে ভ্রমণকারীরা কাস্টমসের বিশেষ ব্যবস্থাপনায় ভ্রমণ কর দিয়ে যেতে পারত যাত্রীরা। এনিয়ে সম্প্রতি জটিলতা দেখা দিলেও তা বন্ধ করে দেয় কাস্টমস। এতে যাত্রীরা বিপাকে পড়ে যায়। অবশেষে এ জটিলতার অবসান হয়েছে। রাজস্ব আদায়ের স্বার্থে সাপ্তাহিক ছুটি, সরকারি ও অন্যান্য দিন ছুটির দিনে সকাল সাড়ে ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বন্দরে সোনালী ব্যাংকের বুথ খোলা থাকবে। বাংলাদেশ ব্যাংক ও সোনালী ব্যাংক থেকে অনুমতি পাওয়া গেছে বলে সূত্রে জানা যায়।
 
স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস বলেন, আশা করা হচ্ছে শুক্রবার থেকে বুথ চালু হবে। এ বুথ চালু হলে যাত্রীদের আর দুর্ভোগ পোহাতে হবে না।
 
ইত্তেফাক/আরকেজি