অর্থ পাঁচারের মামলায় আপন জুলোর্সের ৩ ভাইয়ের জামিন

অর্থ পাঁচারের অভিযোগে দায়েরকৃত তিন মামলায় জামিন পেয়েছেন আপন জুয়েলার্সের তিন মালিক। জামিন প্রশ্নে জারিকৃত রুল নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। 
 
জামিনপ্রাপ্তরা হলেন, দিলদার আহমেদ সেলিম, গুলজার আহমেদ ও আজাদ আহমেদ। দিলদারের বিরুদ্ধে আরো দুটি অর্থ পাঁচারের মামলা থাকায় তিনি এখনই কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। 
 
আসামি পক্ষে আইনজীবী এম. আমিনউদ্দিন ও শেখ ফজলে নূর তাপস এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ শুনানি করেন। 
 
অর্থ পাঁচারের অভিযোগে আপন জুয়েলার্সের তিন মালিকের বিরুদ্ধে পৃথক ৫টি মামলা করে শুল্ক ও গোয়েন্দা অধিদপ্তর। ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় করা এসব মামলায় তাদেরকে কেন জামিন দেয়া হবে না এই মর্মে গত ২২ নভেম্বর রুল জারি করে হাইকোর্ট। ওই রুলের চূড়ান্ত শুনানি নিয়ে তিন মামলায় তাদেরকে জামিন দেয় হাইকোর্ট। তবে দিলদার আহমেদের বিরুদ্ধে আরো দুটি মামলায় জামিন প্রশ্নের জারিকৃত রুল শুনানি চার সপ্তাহের জন্য মুলতুবি করেছে আদালত।  
 
ইত্তেফাক/ইউবি