৬ষ্ঠ কার্ডিওলজি অ্যান্ড কার্ডিয়াক সার্জারি আন্তর্জাতিক সম্মেলন আজ শুক্রবার ঢাকায় অনুষ্ঠিত হবে। বিকাল সাড়ে ৫টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুরসহ ৩২টি দেশের ৩২ জন বিশেষজ্ঞের পাশাপাশি বাংলাদেশের দেড় হাজার হৃদরোগ বিশেষজ্ঞ ও কার্ডিয়াক সার্জন সম্মেলনে অংশ নিচ্ছেন। দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে জটিল একটি অপারেশনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন হবে। রাষ্ট্রপতি সোনারগাঁও হোটেল থেকে এ অপারেশন দেখবেন।
গুরুত্বপূর্ণ এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজক ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল। সম্মেলনে কালচারাল প্রোগ্রামে সংগীত পরিবেশন করবেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে থাকছে ডিনারের ব্যবস্থাও। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখবেন ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামীম।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক।
ইত্তেফাক/এমআর