খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

 
খুলনায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে আটক করেছে র‌্যাব-৬ এর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলার বালির পয়েন্টে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
 
আটককৃতরা হচ্ছেন- খুলনার দাকোপ উপজেলার পূর্ব খেজুরিয়া গ্রামের মৃত কালু শরিফের ছেলে ফুল মিয়া শরিফ (৫২), কয়রা উপজেলার ভাঙ্গারপোল গ্রামের মো. দাউদ আলী সানার ছেলে মো. রবিউল ইসলাম (২৭) এবং বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের মৃত ইউসুফ আলী শেখের ছেলে রেজাউল করিম ওরফে রেজো (৪৮) ও বাগেরহাট জেলা সদরের সৈয়দপুর ৯নম্বর ওয়ার্ডের মৃত আদম আলী মোড়লের ছেলে মো. বায়েজিদ মোড়ল (৪৪)।
 
র‌্যাব সূত্র জানায়, গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৬ এর সদস্যরা জানতে পারে বটিয়াঘাটা উপজেলার কিসমত ফুলতলার বালির পয়েন্টে ডাকাতরা নৌপথে ডাকাতির জন্য অবস্থান করছে। ওই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চার ডাকাতকে আটক করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুটি অস্ত্র, ১৫ রাউন্ড শটগানের কার্তুজ ও একটি রামদা উদ্ধার করা হয়।
 
র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নূরুজ্জামান জানান, আটককৃতরা দীর্ঘদিন যাবত খুলনা জেলার বটিয়াঘাটায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/জামান