ল্যাপটপ মেলা জমজমাট, থাকছে নানান ছাড়-উপহার

 
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ মূল্যছাড় ও উপহারে ‘টেকশহর ডটকম ল্যাপটপ মেলা জমে উঠেছে। শুক্রবার মেলার দ্বিতীয় দিন সরকারি ছুটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। সকাল থেকে মেলা বেচা-কেনায় ব্যস্ত ছিল স্টলগুলোতে। তবে আগামীকাল তৃতীয়দিন তথা শেষ দিনেও থাকবে সব ব্র্যান্ডগুলোতে নানান ছাড়-উপহার। 
 
মেলায় প্রবেশ করতে গেলেই চোখে পড়বে ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’। বিজয়ের মাসে তথ্যপ্রযুক্তি পণ্যের এমন মেলায় মুক্তিযুদ্ধের সময়কার গণহত্যার ইতিহাস ডিজিটাল মাধ্যমে তুলে ধরছে এই প্যাভিলিয়ন। ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ প্যাভিলিয়নে রয়েছে একাত্তরে দেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সংঘটিত বিভিন্ন গণহত্যা এবং সেগুলো নিয়ে বিভিন্ন ইতিহাস, ছবি। তবে সেখানে তরুণ প্রজন্মকে জানানোর জন্য প্রযুক্তির সহায়তায় সে সব ইতিহাস তুলে ধরার ব্যবস্থা রয়েছে।
 
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত প্রযুক্তির এই মেলায় গণহত্যা প্যাভিলিয়নে নানা আয়োজন চলবে। এছাড়া বিজয় ডিজিটাল স্টলে রয়েছে শিশুদের জন্য চমক। শিশুদের জন্য ৮ হাজার টাকার ল্যাপটপের সঙ্গে বিনামূল্যে রয়েছে ৪ হাজার ২ শত টাকার সফটওয়্যার। পাশাপাশি ছোটদের জন্য রয়েছে নানা ধরনের বই।  মেলাতে বিভিন্ন ব্র্যান্ডের পণ্যে বিভিন্ন ধরনের ছাড় ও অফার রয়েছে।
 
ইত্তেফাক/ইউবি