বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন

 
জীবননগর উপজেলার নবগঠিত কেডিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শিক্ষক আবুল বাশার টুটুলের আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়া হয়েছে। খয়েরহুদা গ্রামে অবস্থিত তার নির্বাচনী ক্যাম্পে বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন দেয় বলে তিনি অভিযোগ করেন।
 
চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার টুটুল অভিযোগ করেন, বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত তিনি খয়েরহুদা গ্রামে অবস্থিত তার আনারস প্রতীকের নির্বাচনী ক্যাম্পে অবস্থান করেন। কর্মীদের সাথে কথা বলার পর তিনি সেখান থেকে চলে এলে দুর্বৃত্তরা তার ক্যাম্পে আগুন লাগায়। আগুনে ক্যাম্পটি পুড়ে ছাই হয়ে যায়। এ আগুন দেওয়ার পেছনে আওয়ামী লীগের প্রার্থী খায়রুল বাশার শিপলুর ইঙ্গিত আছে বলে তিনি ধারণা করছেন। এ ব্যাপারে তিনি উপজেলা নির্বাচন অফিসে অভিযোগ দিবেন বলে জানিয়েছেন। 
 
ইত্তেফাক/আরকেজি