কক্সবাজার শহরের সার্কিট হাউসের কাছে শুক্রবার সকালে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আবু তাহের সাগর (১৮) নামে এক পর্যটক নিহত হয়েছেন। তিনি মোটর ইলেট্রিশিয়ান ছিলেন এবং ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলনান্দি এলাকার শফিউল্লাহর ছেলে।
নিহতের চাচাতো ভাই সজীব জানান, বৃহস্পতিবার তারা তিনজন ফেনী থেকে কক্সবাজারে অাসেন। তারা ঝাউবিথি নামে একটি আবাসিক হোটেলে ওঠেন। শুক্রবার সকালে সমুদ্র সৈকতে ঘোরাঘুরির পর রুমে যাচ্ছিলেন। এ সময় সিএনজি নিয়ে একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। তারা ৩টি মোবাইল ছিনিয়ে নেয় ও আবু তাহের সাগরের বুকে ও পেটে ছুরিকাঘাত করে। তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর থানার ওসি রণজিত বড়ুয়া জানান, ছিনতাইকারীদের ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি