জেলার সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী রোমেনা আক্তার হত্যা প্রতিবাদে ও মামলার প্রধান আসামি বখাটে ফারুক হোসেনকে গ্রেপ্তার এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার দুপুরে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছে তার সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে তারা এওজবালিয়া-চরকরমুল্যা সড়কে গাছ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
এ সময় প্রতিবাদ সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছর উদ্দিন জসিম, ইউপি সদস্য আবদুল মন্নান, সমাজকর্মী মাহমুদুল হাসান রুবেল, আরমান হোসেন, আরিফুল হাসানসহ নিহত স্কুলছাত্রী রোমেনার সহপাঠীরা বক্তব্য রাখেন। বক্তারা রোমেনা হত্যা মামলার প্রধান আসামী ফারুককে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রোমেনার পরিবার ও তার সহপাঠীদের অভিযোগ, রোমেনা আক্তারকে একই এলাকার আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন প্রেমের প্রস্তাব দিলে সে প্রত্যাখান করে। তারপর স্কুলে আসা যাওয়ার পথে ফারুক প্রায়ই তাকে উত্যক্ত করতো। রোমেনা বিষয়টি তার পরিবার ও সহপাঠীদের জানায়। এতে ক্ষিপ্ত হয়ে গত ৭ এপ্রিল রাতে ফারুক রোমানার বাড়িতে গিয়ে পিটিয়ে তাকে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতে সে মারা যায়। এ ঘটনার পর ঘাতক ফারুক পালিয়ে যায়।
ঘটনার পরদিন রোমেনার মা ভানু বেগম বাদী হয়ে ফারুক ও তার বাবা আবুল কাসেমকে আসামি করে সুধারাম মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ আবুল কাসেমকে গ্রেপ্তার করে।
আরও পড়ুনঃ মাধবপুরে ১২০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক
এ ব্যাপারে সুধারাম থানার ওসি মো: আনোয়ার হোসেন জানান, মামলার প্রধান আসামি পলাতক ফারুক হোসেনকে প্রেপ্তারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু