চোরকে বাধা দেওয়ায় কুপিয়ে হত্যা

 
নওগাঁয় মোটরসাইকেল চুরির ঘটনাটি জানতে পেরে অন্যদের ডাকাডাকি এবং বাধা দেওয়ায় নুরুজ্জামান নয়ন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল চোর। শনিবার ভোরে শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লায় এ ঘটনা ঘটে। 
 
নয়ন শহরের বাঙ্গাবাড়ীয়া কলেজপাড়া মহল্লার আমির হোসেনের ছেলে। এ ঘটনায় জাহাঙ্গীর আলম নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। জাহাঙ্গীর আলম ডিগ্রি মোড়ের নৈশ্য পহরী।
 
পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টার দিকে ওই মহল্লায় কায়কোবাদ নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। মোবাইল ফোনের মাধ্যমে মোটরসাইকেল চুরির বিষয়টি জানতে পেরে নয়ন ডিগ্রী মোড়ের নৈশ্য প্রহরী জাহাঙ্গীরকে ডেকে নিয়ে পাশের রাস্তায় আসেন। এ সময় এক দল চোরকে মোটরসাইকেল নিয়ে যেতে দেখে কাছে গিয়ে থামাতে বললে দুজনকেই অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় তারা।
 
নওগাঁ সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম জানান, আহত অবস্থায় তাদের সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক নয়নকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে। আহত নৈশ্য প্রহরী জাহাঙ্গীরের চিকিৎসা চলছে। দুর্বৃত্তদের আটকের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/আরকেজি