সাতক্ষীরার কালিগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আকবর আলী গাজী (৬০) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার তেঁতুলিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। উত্তেজিত জনতা এসময় ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশে সোপর্দ করেছে।নিহত আকবর আলী গাজী কালিগঞ্জ উপজেলার নওয়াপাড়া গ্রামের মৃত সামাতুল্লাহ গাজীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আকবর আলী গাজী শনিবার সকালে বাইসাইকেলে যোগে বাড়ি থেকে বের হয়ে উজিরপুর বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে তেঁতুলিয়া বাজারে পৌঁছালে কালিগঞ্জ থেকে আশাশুনিগামী একটি পণ্যবাহি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ঘাতক ট্রাকটি এসময় দ্রুত বেগে পালিয়ে যাওয়ার সময় রাজাপুর নামক স্থান থেকে উত্তেজিত জনতা ট্রাকটিকে জব্দ করতে পারলেও এর চালককে আটক করতে সক্ষম হননি।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন জানান, নিহতের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসগাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ঘাতক ট্রাকটিকে জব্দ করে থানায় আনা হয়েছে।
ইত্তেফাক/কেকে