হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক কেজি ৭৬ গ্রাম ওজনের ১১টি স্বর্ণেরবারসহ সৌদি ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউজ কর্তৃপক্ষ।
আটককৃত ওই যাত্রীর নাম মো. আতাউর রহমান। উদ্ধার করা সোনার বর্তমান বাজার মূল্য প্রায় ৬৮ লাখ টাকা।
ঢাকা কাস্টমস হাউজের (এসি) মো. সাইদুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি থেকে বিমানের একটি ফ্লাইটে ঢাকায় আসে মো. আতাউর রহমান নামে একযাত্রী। সে বিমানবন্দরে নেমে তড়িঘড়ি করে গ্রিন চ্যানেল অতিক্রম করার চেষ্টা করে। এ সময় ঢাকা কাস্টমস হাউজের কর্মকর্তারা তার গতিবিধি লক্ষ্য করে সন্দেহ করে। পরে তার সাথে থাকা লাগেজের চকলেটের প্যাকেটের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকানো ও স্কচটেপে মোড়ানো অবস্থায় ১১টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। এ ঘটনায় পরে যাত্রী আতাউর রহমানকে আটক করা হয়।
তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদ শেষে আতাউর রহমানকে বিমানবন্দর থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/এএম।