পথ শিশু, টোকাই কিংবা পথকলি, যে নামেই ডাকা হোক না কেন রাস্তায় রাস্তায় তারা যাপন করছে এক দুর্বিষহ জীবন। তাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়ার মানুষ খুবই কম। দুঃখকে সাথে নিয়ে রাস্তায় রাস্তায় অবহেলায় বড় হয় পথশিশুরা। মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের পথ শিশুদের একটু আনন্দ দেওয়ার প্রয়াসে গ্রীন লিফ সোসাল ডেভোলাপম্যান্ট এসোসিয়েশন এসব ছিন্নমুল পথ শিশুদের নিয়ে আয়োজন করে দিনব্যাপী অনুষ্ঠানমালা।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে পথ শিশুদের নতুন কাপড় পরিয়ে তাদের দিয়ে শ্রীমঙ্গল পৌর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তাদের কন্ঠে গাওয়ানো হয় জাতীয় সংগীত। পথশিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ধারণের জন্য তাদেরকে নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা করা হয়। পরে পৌর শহীদ মিনার প্রাঙ্গণে দেশীয় নানা খেলাধুলার আয়োজন করা হয় তাদের জন্য। পথ শিশুদের এই আনন্দে সামিল হন অনেকেই। দুপুর বেলা তাদের ভাল খাবার খাইয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক চলচিত্র ‘ওরা ১১ জন’ প্রদর্শন করে তাদের দেখানো হয়। দিনব্যাপী এসব আয়োজনে একদিনের জন্য হলেও পথশিশুরা পেয়েছে আনন্দের ছোঁয়া।
গ্রীন লিফ সোসাল ডেভোলাপম্যান্ট এসোসিয়েশন সভাপতি এস কে দাশ সুমন জানান, পথ শিশু আমাদের সমাজেরই একটা অংশ। আমরা আজকের এই বিজয়ের দিনে তাদের নিয়ে শহীদ মিনারসহ বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি। তাদেরকে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের বিষয়বস্তু জানাচ্ছি। পথ শিশুরা যাতে মাদক, সন্ত্রাস থেকে দূরে থাকে তারা যাতে ভাল কাজে অংশ নেয় সেই সুযোগটুকু করে দেওয়ার চেষ্টা করছি আমরা।
ইত্তেফাক/এমআই