মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওস্থ চ্যানেল আই ভবন চত্বরে অনুষ্ঠিত হলো ‘দেশবন্ধু গ্রুপ-চ্যানেল আই বিজয় মেলা ’১৭। মেলা মঞ্চ থেকে পরিবেশিত হয় একাত্তরের প্রেরণার গণসঙ্গীত, দেশাত্মবোধক নৃত্য ও আবৃত্তি। ছিলো মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ পর্ব। মেলায় দেখানো হয় ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ৫ম সংস্করণ।
এর আগে সকাল ১১টায় মেলার উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান, যুদ্ধাহত ও খেতাবধারী বীরউত্তম, বীর প্রতীক ও বীরবিক্রম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম সম্পাদকসহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
IMG0
মেলায় সেক্টর কমান্ডার ও উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে ছিলো মেজর কামরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় একটি বিশেষ পর্ব। মেলা প্রাঙ্গণ ছিলো লাল সবুজে বর্ণিল মঞ্চ, তোরণ ও ফেস্টুনে সুসজ্জিত । ছিলো ৭ বীরশ্রেষ্ঠ- এর নামে ৭টি স্মারক স্তম্ভ এবং ১১ সেক্টরের স্মরণে ১১টি নির্দিষ্ট স্থান।
মেলার স্টলগুলোতে ছিলো মুক্তিযুদ্ধের ঐতিহাসিক দলিল-দস্তাবেজ, মুক্তিযুদ্ধের গ্রন্থ, আলোকচিত্র, চলচ্চিত্র, ডায়েরি প্রদর্শনী ছাড়াও গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটিরশিল্পের সামগ্রীতে সজ্জিত বেশ কিছু স্টল।
দেশের বরেণ্য চিত্রশিল্পীদের মুক্তিযুদ্ধবিষয়ক চিত্রাঙ্কনের পাশাপাশি ছবি একেছে ছোট্ট সোনামণিরা। মুক্তিযুদ্ধকালীন সময়ের স্মৃতিচারণ, আবৃত্তি ছাড়াও মেলায় সঙ্গীত পরিবেশন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধারা, খ্যাতিমান সঙ্গীতশিল্পী ফকীর আলমগীর, তপন মাহমুদ, তপন চৌধুরী, সাদী মহম্মদ, নীলু বিল্লাহ-সহ চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। মেলা উপস্থাপনা করেন অপু মাহফুজ, মৌসুমী বড়ুয়া সাফি। পরিচালনা করেন আমীরুল ইসলাম ও শহিদুল আলম সাচ্চু।
ইত্তেফাক/আনিসুর