লালমনিরহাটে বাস খাদে পড়ে নিহত ১

 
লালমনিরহাট সদর উপজেলার মোস্তাফি কালীরপাট নামক এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে বাচ্চু মিয়া (৪০) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২০জন যাত্রী। আজ রবিবার রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি কুড়িগ্রাম সদরের মৃত আলতাফ মিয়ার ছেলে। 
 
পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি (দিবা কোচ) বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কা লাগে। এসময় ট্রাকটি পালিয়ে গেলেও যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থালেই বাচ্চু মিয়া মারা যান। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর ও লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। তবে আহতদের অনেকের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। 
 
লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 
 
ইত্তেফাক/কেকে