বাল্যবিয়ে ঠেকালেন সাতকানিয়া থানার ওসি

 
চট্টগ্রামের সাতকানিয়ায় উম্মে হাসনাত মিশকাত(১৫) নামে ৯ম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রীর বাল্যবিয়ে ঠেকালেন সাতকানিয়া থানার ওসি। সে উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহা পাহাড়কুল গ্রামের মৃত ইউনুছ মিয়ার মেয়ে ও ছদাহা কে কে উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী।
 
স্থানীয় ও পুলিশসূত্র জানায়, উপজেলার ছদাহা পাহাড়কুল গ্রামের হাসনাতের সাথে একই গ্রামের শমসুল ইসলামের ছেলে মো. ইসার(৩২) বিয়ের দিন-ক্ষণ ঠিক হয়। পরে মহিলা বিষয়ক অধিদপ্তর হতে গত ১৬ ডিসেম্বর সাতকানিয়া থানার অফিসার ইনচার্জকে  ফোনে অবহিত করলে তিনি বিষয়টি তদন্ত করার জন্য থানার এসআই দীপন চন্দ্র সরকারকে নির্দেশ প্রদান করেন। এসআই দীপন চন্দ্র সরকার তদন্ত করে ঘটনার সত্যতা নিশ্চিত হন। পরে বাল্য বিবাহের কুফল সম্পর্কে মিশকাতের মামা মনির আহমদকে বুঝিয়ে বললে তিনি উক্ত বিবাহ থেকে সরে দাঁড়ান এবং তার ভাগ্নি মিশকাত প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবে না মর্মে মুচলেকা প্রদান করেন।
 
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো রফিকুল হোসেন বাল্যবিয়ে ঠেকানোর বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/এমআর