‘দুর্বৃত্তের দেয়া’ আগুনে পাবনার ঈশ্বরদীতে নিউএরা ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার খামারে ৮৮টি ছাগল পুড়ে মারা গেছে। উপজেলার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারি গ্রামে রবিবার ভোরে ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, খামারের একটি ব্রিডিং সেন্টার রয়েছে। ব্রিডিং সেন্টারটি লোহার পাত দিয়ে ঘেরা। উপরে টিনসেড ও নিচে কাঠের পাঠাতন রয়েছে। ব্রিডিং সেন্টারের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে আগুনে পুড়ে মারা ৮৮টি ছাগল।
খামার দেখাশোনার দায়িত্বে থাকা আসার উদ্দিন জানান, রাত ৩টার দিকে তিনি ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ছাগলের ছুটাছুটির শব্দে তিনি ঘর থেকে বের হয়ে দেখেন ব্রিডিং সেন্টারে দাউ দাউ করে আগুন জ্বলছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ও এনজিও কর্মীরা ছুটে এসে আগুন নেভাতে শুরু করেন। তাদের সহযোগিতায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।
IMG0
নিউএরা ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয় ও ফোকাল পারসন আমিনুল ইসলাম বলেন, এটি পরিকল্পিত ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা খামারে আগুন ধরিয়ে দিয়ে ৮৮টি ছাগল পুড়ে মেরেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল হক বলেন, থানায় এজাহার জমা নেয়া হয়েছে। খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/ইউবি