‘হিট বা ফ্লপ যাই হোক, ছবি নির্মাণের চর্চাটা শুভকর’

 
‘রানআউট’ ছবিতে অভিনয়ের প্রশংসা পাওয়ার পর ভক্তরা নতুন ছবিতে দেখতে চায় সজলকে। সেই সাড়া থেকে ‘হারজিত্’ শিরোনামে নতুন একটি চলচ্চিত্রে অভিনয় করেন সজল। তবে এই খবর পুরোনো হয়ে গেলেও ছবিটির শুটিংয়ের শেষ খবর পাওয়া যায়নি এখনও। 
 
সজল এ প্রসঙ্গে বলেন, ‘ছবিটির বেশিরভাগ কাজ শেষ। তবে ছবিটির গানের শুটিং এখনও বাকি আছে। এর বাইরে নতুন কোনো খবর আমার জানা নেই। পরিচালক বা প্রযোজক বিষয়টি বলতে পারবেন।’ 
 
দেশের চলচ্চিত্রের হাওয়া বদলের এ সময় নিয়ে সজল আরও বলেন, ‘চলচ্চিত্রের অবস্থা নিয়ে সবার মতো আমিও আশাবাদী। ভালো একটা সময় চলছে। ছবির পরিমাণ বাড়ছে। হিট বা ফ্লপ যাই হোক, ছবি নির্মাণের চর্চাটা আমাদের জন্য শুভকর।’ 
 
সজল চলতি সময়ে ছোটপর্দা নিয়েই ব্যস্ত। সামনে ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কয়েকটি নাটক করছেন সজল। এছাড়া নিয়মিত ব্যস্ততা রয়েছেই। বিজয় দিবস উপলক্ষেও একটি নাটক প্রচার হয়েছে তার। নাটকটি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের নাটকে কাজ করার ইচ্ছে সবসময় থাকে। বিজয় দিবস বা ভাষা দিবস এলে সেই সুযোগটা হয়। এবারের নাটকটি প্রচারের পর দর্শকদের প্রতিক্রিয়া ভালো ছিল।’
 
ইত্তেফাক/আনিসুর