পাঁচদিনের রিহ্যাব ফেয়ার শুরু বৃহস্পতিবার

 
প্রতিবছরের মত এবারও শীতকালীন রিহ্যাব ফেয়ার শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে এ মেলা। চলবে ২৫ ডিসেম্বর সোমবার পর্যন্ত। এ বছর মেলায় থাকছে ২০৩টি স্টল। মেলায় কো-স্পন্সর থাকছে ২৪টি এবং ৩০টি বিল্ডিং ম্যাটেরিয়ালস এবং ১৩টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
 
গতকাল রবিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন আবাসন শিল্পের মালিকদের সংগঠন রিহ্যাবের (রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ) নেতারা। সংবাদ সম্মেলনে অন্যদের মাঝে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী (শাওন), এমপি, ভাইস প্রেসিডেন্ট (প্রথম) লিয়াকত আলী ভূঁইয়া, রিহ্যাব পরিচালক ও প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির কো-চেয়ারম্যান কামাল মাহমুদ, রিহ্যাব পরিচালক ও মেলা কমিটির চেয়ারম্যান মো. শাকিল কামাল চৌধুরী, রিহ্যাব পরিচালক মো. আবু বকর সিদ্দিক, মেলা কমিটির সদস্য মির্জা আনোয়ার, এস এম ইমদাদ হোসেন, এম জি আজম উপস্থিত ছিলেন।
 
সংবাদ সম্মেলনে জানানো হয়, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদে এ মেলার উদ্বোধন করবেন। দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবেন। অবশ্য প্রথম দিন ক্রেতা-দর্শনার্থীরা দুপুর ২টা থেকে মেলায় প্রবেশ করতে পারবেন। মেলায় ৫০ টাকার বিনিময়ে সিঙ্গেল এন্ট্রি টিকেট নিয়ে একবার এবং ১০০ টাকার বিনিময়ে মাল্টিপল এন্ট্রি টিকিট নিয়ে পাঁচবার প্রবেশ করা যাবে। টিকিটের র‌্যাফেল ড্রতে থাকবে আকর্ষণীয় পুরস্কার। আর এন্ট্রি টিকিট থেকে পাওয়া অর্থ দুঃস্থদের সাহায্যে ব্যয় হবে। বর্তমানে রিহ্যাবের ১১৪২টি মেম্বার প্রতিষ্ঠান থাকলেও মেলায় অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ২০৩টি। স্থান সংকুলান না হওয়ায় আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এসব প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। গতকবছর শীতকালীন মেলায় ১৭৫ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল।
 
অনুষ্ঠানে রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি বলেন, রিহ্যাব সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রিহ্যাব ফেয়ার সাধ ও সাধ্যের মধ্যে মনের মত ফ্ল্যাট বা প্লট খুঁজে নিতে ক্রেতাদের সাহায্য করবেও অভিমত ব্যক্ত করেন রিহ্যাবের ভারপ্রাপ্ত সভাপতি।
 
ইত্তেফাক/এমআর