ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে ওয়েস্ট ব্রোমউইচের বিপক্ষে জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রবিবার অতিথি হয়ে খেলতে যাওয়া ম্যানইউ এই ম্যাচে জয় পেয়েছে ২-১ গোলে। এই জয়ে ১৮ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুই নম্বরেই আছে হোসে মরিনহোর দল। সমান ম্যাচ খেলে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের ২৭ মিনিটে মার্কস রাশফোর্ডের পাস থেকে গোল করে ম্যানইউকে এগিয়ে দেন লুকাকু। ৩৫ মিনিটে দ্বিতীয় গোল করেন লিনগার্ড। ওয়েস্ট ব্রোমউইচের হয়ে ৭৭ মিনিটে একমাত্র গোলটি করেন গ্যারেথ বেরি।
তবে গোলের পরে নির্লিপ্ত ছিলেন লুকাকু। সতীর্থরা উৎসবে মেতে উঠলেও নিজেকে প্রথমে সরিয়ে রেখেছিলেন ম্যানইউ স্ট্রাইকার। মনে করা হচ্ছে, ২০১২ সালে চেলসি থেকে লোনে ওয়েস্ট ব্রোমউইচে যোগ দিয়েছিলেন লুকাকু। পুরনো ক্লাবের প্রতি দুর্বলতার কারণেই গোলের পরে উৎসব করেননি তিনি। ম্যাচের পরে লুকাকু বলেছেন, ‘গোল করে আমি কখনওই খুব একটা উচ্ছ্বাস দেখাই না। পনেরো বছর আগে হলে হয়তো গোলের পর উচ্ছ্বাস দেখাতাম। কিন্তু এখন আমি অনেক পরিণত। এই পর্যায়ে আবেগ নিয়ন্ত্রণ করতে হয়।’
দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত মরিনহো মরিনহো বলেছেন, ‘আমরাই সেরা দল। ফুটবলাররা জানত, সেট পিসে ওয়েস্টব্রোমউইচ প্রচণ্ড শক্তিশালী। তা সত্ত্বেও পুরো ম্যাচটা আমরাই নিয়ন্ত্রণ করেছি। ছেলেরা দুর্দান্ত খেলেছে। এই তিনটি পয়েন্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ইত্তেফাক/কেআই