সুয়ারেজ-পলিনহোর জোড়া গোলে বার্সার বড় জয়

দিনটা মেসির জন্য ছিল হতাশারই। কারণ তিনবার গোলের প্রচেষ্টা ও একটি পেনাল্টি মিস করেছেন এই আর্জেন্টাইন তারকা। তাতেও অবশ্য বার্সাকে হতাশ হতে হয়নি। লুইস সুয়ারেজ ও পলিনহোর জোড়া গোলে দিপার্তিভো লা করুনাকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এতে ১৬ ম্যাচে ১৩ জয় ও তিন ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৪২। ৬ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে আটলেটিকো মাদ্রিদ।
 
নিজেদের মাঠে মেসির জন্য দিনটি খুব দুর্ভাগ্যেরই ছিল। ন্যু ক্যাম্পে ম্যাচ সমর্থকদের ব্যাপক অভিনন্দনের মধ্য দিয়ে ২০১৬-১৭ মৌসুমে লিগের সর্বোচ্চ গোলের পুরস্কার ‘গোল্ডেন সু’ দর্শকদের সামনে তুলে ধরেন মেসি। এরপর খেলা শুরুর তিন মিনিটের মধ্যে গোলের সুযোগও পেয়েছিলেন। কিন্তু আন্দ্রেস ইনিয়েস্তার পাসে ডি বক্সে বল পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন।
IMG0
এরপর ২৬ মিনিটে মেসির জোরালো কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান দিপার্তিভোর গোলরক্ষক। ২৯ মিনিটে বার্সা প্রথম গোল পায়। মেসির কাছ থেকে বল পেয়ে সুয়ারেস প্রতিপক্ষের জাল ভেদ করেন। ৩৭ মিনিটে ফের মেসির শট পোস্টে লেগে লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর আরও একদফায় গোলের সুযোগ মিস করেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। অবশ্য সেই দফায় ফিরতি বলে গোল করে পলিনহো ব্যবধান দ্বিগুণ করেন।
 
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মধ্যেরবের্তোর দারুণ পাস থেকে বল পেয়ে দলের পক্ষে তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন।৬৯ মিনিট ডি-বক্সে সুয়ারেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। কিন্তু আর্জেন্টিনা অধিনায়কের স্পট কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন দিপার্তিভোর গোলরক্ষক। অবশ্য ৭৫ মিনিটে পলিনহো আরেক গোল করায় বড় জয় নিয়েই মাঠ ছাড় বার্সা।
 
ইত্তেফাক/কেআই