হালদা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার জব্দ ও বালি উত্তোলনের পাইপ ভেঙে দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার উননেছা শিউলী ছিপাতলী ইউনিয়নের আলমের কুম এলাকায় এ অভিযান পরিচালনা করেন। জব্দকৃত ড্রেজারটি সত্তারঘাটাস্থ পানি উন্নয়ন বোর্ড অফিনের জিম্মায় দেয়া হয়।
ইউএনও আক্তার উননেছা শিউলী জানান, ড্রেজারের মালিককে পাওয়া যায়নি। তবে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে। হালদা থেকে কাউকে অবৈধভাবে বালি উত্তোলন করতে দেয়া হবে না। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ছিপাতলী ইউনিয়ন পরিষদ চেয়াম্যান নুরুল আহসান লাভু, হাটহাজারী মডেল থানা পুলিশের এসআই নিমাই চন্দ্র পালের সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি চক্র রাতের আধারে এমনকি প্রকাশ্য দিবালোকে এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। এর ফলে কয়েক বছরের মধ্যে হালদা নদীর ভাঙনে শতাধিক বসতভিটা হারিয়েছে হালদা পাড়ের জনগণ।
ইত্তেফাক/এএম।