নতুন বছরে ৩৫ কোটি ৪২ লাখ ১৬২টি পাঠ্যপুস্তক বিতরণ হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন বছরে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে ৩৫ কোটি ৪২ লাখ ১৬২টি পাঠ্যপুস্তক বিতরণ করা হবে। এসব বই ছাপার কাজও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
 
গত বছরের তুলনায় এ বছর ১০ লাখ ৭০ হাজার বই বেশি ছাপানো হয়েছে উল্লেখ করে তিনি জানান, ইতোমধ্যে ৯৭ শতাংশ অর্থাৎ ৩৪ কোটিরও বেশি বই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে গেছে। চলতি সপ্তাহের মধ্যে বাকি বইও পৌঁছে যাবে। 
 
আজ সোমবার রাজধানী ডেমরার মাতুয়াইলে ব্রাইট ও আনন্দ প্রিন্টিং প্রেস পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের জানুয়ারির প্রথমদিন সারাদেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের এসব নতুন বই তুলে দেয়া হবে।
 
নুরুল ইসলাম নাহিদ বলেন, এবার আজিমপুর গর্ভমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০১৮ সালের পহেলা জানুয়ারি বিনামূল্যে বই বিতরণের জন্য পাঠ্যপুস্তক উৎসবের আয়োজন করা হবে। সেখানে থেকে সারাদেশে আনুষ্ঠানিকভাবে নতুন পাঠ্যবই বিতরণের কার্যক্রম শুরু করা হবে। 
 
এরআগে চলতি মাসের ৩০ তারিখ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হতে ২০১৮ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দেয়া হবে বলে তিনি জানান। পাশাপাশি জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেয়া হবে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। 
 
তিনি বলেন, আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
 
ইত্তেফাক/এমআই