রোনালদোর ১২৫তম গোল

গোলের ধারায় ফেরায় তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রশংসা করেছেন জুভেন্তাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। বিশেষ করে ইনজুরি কাটিয়ে দলে ফিরেই পর্তুগীজ তারকার গোল পাওয়ার ঘটনায়। এটি ছিল চ্যাম্পিয়ন্স লিগে তার ১২৫তম  গোল।

আয়াক্সের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে গত বুধবার রাতে ১-১ গোলে ড্র করে আসে জুভেন্তাস। এ ড্রয়ের পর কোচ অ্যালেগ্রি ফিরতি পর্বের আগে দলের কাছ থেকে আরো নৈপুণ্য দাবি করেন।

রোনালদো পর্তুগালের হয়ে খেলতে গিয়ে মাংশপেশির ইনজুরিতে পড়ে সপ্তাহ দুয়েক খেলতে পারেননি। তারপর এই প্রথম মাঠে এলেন এবং ৪৫তম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। যদিও আয়াক্স বিরতির পরের মিনিটেই ডেভিড নেরেসের গোলে সমতা ফেরায়। শেষ পর্যন্ত তা ধরে রাখতেও সক্ষম হয় ডাচ ক্লাবটি।

জুভেন্তাস স্ট্রাইকারটি মাঠে নামার পর তার খেলায় ইনজুরির কোনো ছাপ দেখা যায়নি। তাকে তীব্রগতিতেই পেনাল্টি বক্সে ঢুকতে দেখা গেছে। গোলটিও আসে এ রকম এক স্প্রিন্টে বক্সে ঢুকে হেডে আয়াক্স গোলরক্ষক আন্দ্রে ওনানাকে পরাস্ত করার সুবাদে। দূরের মাঠের এই গোল ১৬ এপ্রিলের  ফিরতি লড়াইয়ের আগে জুভেন্তাসকে কিছুটা সুবিধাজনক অবস্থায় রাখলো।

এদিকে ব্যক্তিগত অর্জনের বিচারেও রাতটি রোনালদোর জন্য বিশেষ হয়ে থাকলো। কেননা এ নিয়ে মহাদেশীয় এই প্রতিযোগিতায় ১২৫ বার গোল করলেন পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনালদো।

কোচ অ্যালেগ্রি খেলা শেষে তাই প্রশংসায় ভাসালেন তার বড় তারকাটিকে। তিনি বলেন, ‘সে মাত্রই ফিরেছে। তারপরও অনেক দৌড়িয়েছে সে এবং খেলেছে দুর্দান্ত এক ম্যাচ। সেই শুরু করেছিল এবং সেই ব্যাপারটার (গোল) সমাপ্তি টেনেছে। এই হলো রোনালদো।’

অ্যালেগ্রি ফিরতি খেলার ব্যাপারেও দলকে সতর্ক করে দেন। তিনি বলেন, ‘আমি জানাতে চাই যে দ্বিতীয় লেগে আমাদের দলগতভাবে আরো ভালো করতে হবে। বিশেষ করে বল যখন আমাদের দখলে থাকবে। কারণ নইলে ওরা আমাদের চাপে রাখবে।’

এই আয়াক্সের কাছেই রিয়াল মাদ্রিদ শেষ ষোলয় হেরে বিদায় নিয়েছিল তিনবারের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। কাজেই তুরিনে ফিরতি লেগে জুভেন্তাসের জন্য কাজটা সহজ হবে না। আয়াক্স সে খেলাটিতে নিজের মাঠে ২-১ গোলে হেরেছিল। কিন্তু ফিরতি লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলে হারিয়ে এসেছিল স্পানিশ জায়ান্টদের।

সে প্রসঙ্গ ধরে অ্যালিগ্রি বলেন, ‘একটা দল যখন রিয়াল মাদ্রিদের মতো কাউকে বার্নাব্যুতে নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখে, তারা শুধু একটা তারুণ্য নির্ভর দল নয়, দারুণ দল। তারা এমন একটি দল যারা রিয়াল মাদ্রিদকে হারিয়েছে শেষ ষোলয় এবং কোয়ার্টার ফাইনালে খেলছে’। 

চ্যাম্পিয়ন্স লিগের সেরা

৫  গোলদাতা

নাম                             গোল          দল

ক্রিশ্চিয়ানো রোনালদো    ১২৫          ম্যানইউ, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাস

লিওনেল মেসি               ১০৮          বার্সেলোনা

রাউল গঞ্জালেস              ৭১            রিয়াল মাদ্রিদ, শালকে

করিম বেনজেমা              ৬০            লিওঁ, রিয়াল মাদ্রিদ

রুড ফন নিস্তলরয়           ৫৬            পিএসভি, ম্যানইউ, রিয়াল মাদ্রিদ