বিমানবন্দরে সাত কেজি স্বর্ণসহ তিন যাত্রী আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুমানিক ৩ কোটি ৬৯ লাখ টাকা সমমূল্যের ৭ কেজি ৩৭ গ্রাম ওজনের ৭৪টি স্বর্ণবারসহ ৩ জনকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিম। আটককৃতরা হলেন- ইব্রাহীম, মো. মহসীন ও রোকোনুজ্জামান। স্বর্ণবারগুলো তাদের বহন করা ট্রলি-ব্যাগের হাতলের পাইপের ভিতরে লুকানো ছিল। গত রবিবার রাতে স্বর্ণ উদ্ধারসহ ওই ৩ জনকে আটক করা হয়।
 
কাস্টমস হাউজের প্রিভেন্টিভ টিমের সহকারী পরিচালক সাইদুল ইসলাম জানান, যাত্রী ইব্রাহীমের কাছ থেকে ৩ কেজি ৫৯ গ্রাম, মো. মহসীনের কাছ থেকে ১ কেজি ৯৯ এবং রোকনোজ্জামানের কাছ থেকে ১ কেজি ৭৯ গ্রাম স্বর্ণবার উদ্ধার করা হয়েছে।
 
সাইদুল জানান, স্বর্ণগুলো যাত্রীরা তাদের বহন করা ট্রলি-ব্যাগের হাতলের পাইপের ভিতরে লুকিয়ে রেখেছিলেন। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৭ দশমিক ৩৭ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি ৬৯ লাখ টাকা। তিনি আরও বলেন, আটক যাত্রীরা রিজেন্ট এয়ারওয়েজের ব্যাংকক-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে (নম্বর-৭৮৭) চট্টগ্রাম থেকে ঢাকায় আসেন। পরে শাহজালালের অভ্যন্তরীণ টার্মিনাল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় শুল্ক আইন-১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
ইত্তেফাক/এমআই