সুনামগঞ্জের দিরাইয়ে বহুল আলোচিত স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নী (১৯) হত্যার ঘটনায় মামলা হয়েছে। সোমবার বিকেলে মুন্নী আক্তারের মা রাহেলা বেগম বাদী হয়ে ঘাতক ইয়াহিয়া ও তার বন্ধু তানভীর আহমদ চৌধুরীর নামে দিরাই থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালের নেতৃত্বে একদল পুলিশ পৌর সদরের কলেজ রোডে অভিযান চালিয়ে এজহারভুক্ত আসামি তানভীর আহমদ চৌধুরীকে গ্রেফতার করে। তানভীর আহমেদ চৌধুরী পৌর সদরের মাদানী মহল্লা আনোয়ারপুর নয়াহাটির বাসিন্দা আবুল কালাম চৌধুরীর ছেলে।
প্রসঙ্গত, ১৬ ডিসেম্বর রাত ৮টার দিকে পৌর সদরের মাদানী মহল্লায় ঘরে ঢুকে স্কুলছাত্রী হুমায়রা আক্তার মুন্নীকে উপর্যুপরী ছুরিকাঘাত করে পালিয়ে যায় কথিত প্রেমিক ইয়াহিয়া। আহতাবস্থায় হাসপাতালে নেয়ার পথে মুন্নি মারা যায়।
ইত্তেফাক/ইউবি