সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে ক্রিকেট খেলেছেন সেই ২০১৬ সালের অক্টোবর মাসে। নতুন করে আর স্বপ্ন দেখা কঠিন ছিল। কিন্তু হঠাত্ করেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ক্ষমতায় পালাবদল এখন স্বপ্ন দেখাতে শুরু করেছে কিয়েরন পোলার্ডকে। সেইসঙ্গে মুম্বাইকে ম্যাচ জেতানো ৩১ বলে ৮৩ রানের ইনিংস তাকে এই স্বপ্নের পথে খানিকটা এগিয়ে দিয়েছে বলেও মনে করা হচ্ছে।
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডের নির্বাচনে সম্প্রতি নতুন সভাপতি ও অন্যান্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন। আর এটাই বিশ্বকাপ খেলার ব্যাপারে আশা জোগাচ্ছে পোলার্ডকে। দানবীয় এই ইনিংস খেলার পর পোলার্ড বলেছেন, তিনি সবসময়ই রান করার জন্য উইকেটে যান। আর তার ফল যদি হয়, জাতীয় দলে খেলা, তার জন্য মুখিয়ে আছেন তিনি।
ডেভ ক্যামেরন আর এখন ক্যারিবীয় বোর্ডের প্রধান নন। নানা বিতর্কে জড়িয়ে তিনি এখন পদ ছাড়া। আর তার সময়েই পোলার্ডসহ অভিজ্ঞ ক্রিকেটাররা ব্রাত্য হয়ে পড়েছেন বিতর্কিত নানা নিয়মের কারণে। বর্তমানে রিকি স্কেরিট বোর্ড প্রধান হওয়ায় পরিবর্তনের হাওয়া বইছে ক্যারিবীয় বোর্ডে। এমন অবস্থায় বেশ কিছু পরিবর্তন ইতোমধ্যে হাতে নিয়েছে তারা। সম্ভাবনা যখন এমন, তখন বিশ্বকাপ দলে নিজেকেও দেখছেন পোলার্ড। আইপিএলের আগুনে পারফরম্যান্সই তাকে সেই স্বপ্ন দেখতে সাহস জোগাচ্ছে, ‘আসলে এখন নির্বাচনের জন্য লোক আছে যাদের কাজ নির্বাচন করা। দেখা যাক পরিস্থিতি আসলে কী হয়। আমি সর্বোচ্চ চেষ্টা করি ফিল্ডে যেয়ে যতটুকু সম্ভব স্কোর বোর্ডে রান তোলা। আমি এখন ৩১ বছরে, গেইল ৩৯ বছরেও দাপিয়ে বেড়াচ্ছে।’
মুম্বাই ইন্ডিয়ান্সের জয় তুলে নেতে একাই ৩১ বলের ৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন পোলার্ড। কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে রোহিত শর্মা না থাকায় নেতৃত্বের ভারটাও ছিল তার কাঁধে। আইপিএলে ক্যারিবীয় অনেক তারকাই এখন উত্তুঙ্গ ফর্মে। তাদের বিশ্বকাপ দলে ভেড়ালে ওয়েস্ট ইন্ডিজ দলটা যে শক্তিশালী হয়ে দাঁড়াবে তা নিজেও মানেন পোলার্ড। একইসঙ্গে বোর্ডের দৃশ্যপট যে পাল্টেছে সেই ইঙ্গিতও তিনি দিলেন এভাবে, ‘অবশ্যই আপনি বলতে পারেন শক্তিশালী হবে। আমাদের নতুন নির্বাচক ও বোর্ড প্রধান এসেছেন। আর তারা এসেছেন বলেই আপনি এই প্রশ্নটা করেছেন। গত বছর হলে হয়তো এমন প্রশ্ন করতেন না।’