গাজীপুরে অপহরণের ২৪ দিন পর পোশাক শ্রমিক মো. সজিবের (২২) কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর ভবানীরচালা এলাকার একটি গজারি বনের ভেতর থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
নিহত শ্রমিক সজিব গাজীপুর সদরের রাজেন্দ্রপুর এলাকার এনএজেড পোশাক কারখানার অপারেটর ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধীতপুর গ্রামে। তার বাবার নাম আব্দুল করিম। তিনি রাজেন্দ্রপুর এলাকায় তার চাচাতো ভাই মোস্তাফিজুর রহমানের বাসায় ভাড়া থেকে ওই কারখানায় চাকরি করতেন।
গ্রেফতার হওয়া অপহরণকারীরা হলো- রাজেন্দ্রপুর এলাকার হোসেন আলীর ছেলে ইজাদুর রহমান (২২) ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে আবুল বাশার (২৫)।
জয়দেবপুর থানার এসআই সাদেকুজ্জামান জানান, গত ২৪ নভেম্বর বিকেলে সজিব কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। পরে ২৮ নভেম্বর তার চাচাতো ভাই এ ব্যাপারে জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেন। এদিকে গত ১৩ ডিসেম্বর মোবাইল ফোনে মোস্তাফিজুরের কাছে অপহরণকারীরা সজিবের মুক্তিপণ বাবদ ৫০ হাজার দাবি করে। পরে স্বজনরা বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা তাদের দেয়।
তিনি আরো জানান, মোবাইল ট্রেকিং করে রবিবার অপহরণকারী ইজাদুর রহমান ও আবুল বাশারকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যমতে সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলার ভবানীরচালা এলাকার গজারিবন থেকে তার কঙ্কালটি উদ্ধার করা হয়। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছোরা উদ্ধার করে পুলিশ।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, জামা-কাপড় দেখে নিহতের স্বজনরা সজিবের কঙ্কাল সনাক্ত করেন। গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেছে, যে দিন তাকে অপহরণ করা হয়েছিল, ওই দিন রাতেই তাকে গলাকেটে হত্যা করা হয়েছে। হত্যা করার ২০ দিন পরে সজিবকে ছেড়ে দেওয়ার নাম করে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা নেয় তারা। এ ঘটনার প্রধান আসামি আমিরুল ইসলাম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ইত্তেফাক/আরকেজি