শিক্ষা বোর্ডের চূড়ান্ত পরীক্ষার কেন্দ্র অধ্যক্ষের বাড়িতে

 
বাংলাদেশ সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ড ঢাকার অধীনে ২০১৭ সালের সংস্কৃত আদ্য, মধ্য ও উপধি শিরোনামের চূড়ান্ত পরীক্ষা সোমবার থেকে শুরু হয়েছে। তবে অবিশ্বাস্য হলেও সত্য যে, কাহালু উপজেলা সদরের শহীদ কালীপদ সংস্কৃত কলেজের পরীক্ষার্থীদের কাহালু পৌর এলাকার পালপাড়া গ্রামে অধ্যক্ষের বাসভবন সামনের একটি কক্ষে খোলামেলা ভাবে পরীক্ষা দিতে দেখা গেছে।
 
একটি বোর্ডের চূড়ান্ত পরীক্ষা কলেজের অধ্যক্ষের বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে এটি দেশের মধ্যে একটি বিরল ঘটনা। আর যে কক্ষে পরীক্ষা নেওয়া হচ্ছে সেখানে ডেকোরেশন থেকে চেয়ার টেবিল ভাড়া করে আনা হয়েছে।
 
কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার জানান, তার কলেজে পরিবেশ না থাকায় তিনি বাড়ির সামনে কেন্দ্র বানিয়ে পরীক্ষা নিচ্ছেন। সংস্কৃত আদ্য, মধ্য ও উপধি স্তরের পরীক্ষায় ৫১৮জন শিক্ষার্থী অংশ নিবেন। পরীক্ষা চলবে ৪দিন। প্রথম দিনে আদ্য পরীক্ষায় মোট ১৬১জন পরীক্ষার্থী অংশ নেয়।
 
দুপুর সাড়ে ১২টার দিকে পালপাড়া গ্রামে পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায় সেখানে পরীক্ষার্থীর সাথে আসা লোকদের জন্য কেন্দ্রে সামনে ডেকোরেশনের রঙ্গিন কাপড় দিয়ে একটি বড় প্যান্ডেল তৈরি করা হয়েছে যা দেখে মনে হয় বিয়ের বাড়ি।
 
কাহালুর জমিদার প্রয়াত কালীপদ মজুমদারের বাসভবনটি তার স্মৃতি রক্ষার্থে ২০০০ সালে শহীদ কালীপদ সংস্কৃত কলেজ নাম দিয়ে কলেজটি প্রতিষ্ঠা করা হয় এবং বর্তমানে ১১তম ব্যাচের শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।
 
'অধ্যক্ষের বাসায় পরীক্ষা কেন্দ্র' সম্পর্কে ডিজির প্রতিনিধি হিসেবে দায়িত্বপ্রাপ্ত কাহালু আলামের তাকিয় উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নানের সাথে কথা হলে তিনি বলেন, কিছুটা অনিয়ম হয়েছে তবে পরবর্তী পরীক্ষা কলেজ প্রাঙ্গণে হবে। উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান বলেন, এ ব্যাপারে তাকে জানানো হয়নি। 
 
ইত্তেফাক/আরকেজি