ভারতের কংগ্রেস দলের নেতা সোনিয়া গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অপরাজেয় নন। উত্তর প্রদেশের রায়বেরেলিতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর গতকাল সোনিয়া গান্ধী একথা বলেন। সেখানে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, ২০০৪ সালের কথা ভুলে যাবেন না। সেবার ব্যাপক জল্পনা কল্পনা করা হয়েছিল যে বিজেপি ভারতের ক্ষমতায় আসছে; কিন্তু বিজয়ী হয়েছিল কংগ্রেস।
সাংবাদিকরা সোনিয়াকে প্রশ্ন করেন আপনি কি মনে করেন মোদিকে হারানো যাবে? এসময় সোনিয়ার সঙ্গে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও ছিলেন। প্রশ্নের জবাবে সেনিয়া বলেন, আমি মোটেও মনে করি না মোদিকে হারানো যাবে না। ২০০৪ সালে মনে হয়েছিল বাজপেয়ি ক্ষমতায় আসছেন কিন্তু আমরাই সেবার জিতেছিলাম। এসময় রাহুল গান্ধী বলেন, ভারতে অনেক নেতাই নিজেকে অপরাজেয় ভেবেছেন নিজেকে জনতার শক্তির চেয়ে বড়ো ভেবেছেন। তারা বুঝতে পারেনি জনমতের চেয়ে কেউ বড়ো নয়। এবারের নির্বাচনে ‘অপরাজেয় মোদি’ নিয়ে জনমনে পরিষ্কার ধারণা এসে যাবে।
অটল বিহারি বাজপেয়ির নেতৃত্বে ১৯৯৬ সালে ভারতে ক্ষমতায় আসে বিজেপি। বিজয়ী হবেন এমন ব্যাপক জল্পনা কল্পনা সত্ত্বেও ২০০৪ সালে শোচনীয়ভাবে পরাজিত হন বাজপেয়ি। নির্বাচনে বিজয়ী হয়েও প্রধানমন্ত্রী হননি সোনিয়া গান্ধী। টানা চতুর্থবারের মতো রায়বেরেলি থেকে নির্বাচন করছেন সোনিয়া গান্ধী। মোনোনয়নপত্র জমা দেওয়ার আগে ছেলেমেয়েকে নিয়ে পূজা করেন সোনিয়া গান্ধী।