লজ্জার রেকর্ডে টেন্ডুলকারের পাশে কুক

টেস্ট ক্রিকেটে অস্ট্রেলিয়ার মাটিতে সবচেয়ে বেশি হারের রেকর্ডে ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচিন টেন্ডুলকারের পাশে জায়গা পেলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক। গতকাল পার্থে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ৪১ রানে হেরেছে ইংল্যান্ড। এই নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে ১৮ টেস্টে অংশ নিয়ে ১৪ ম্যাচে হারের তিক্ত স্বাদ নিতে হলো কুককে। পার্থেই ব্যক্তিগত ক্যারিয়ারে ১৫০তম টেস্ট খেলতে নামা কুককে এই লজ্জায় পড়তে হয়েছে। 
 
নিজের ২০০ ম্যাচের ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার মাটিতে ২০টি ম্যাচ খেলেছেন টেন্ডুলকার। এরমধ্যে ১৪টি টেস্টেই হারের লজ্জা পান টেন্ডুলকার। টেন্ডুলকার ছাড়াও অস্ট্রেলিয়ার মাটিতে ১৪টি হারের স্বাদ পেয়েছেন ইংল্যান্ডের স্যার জ্যাক হবস। অবশ্য ডানহাতি এই অলরাউন্ডার অস্ট্রেলিয়ার মাটিতে ২৪টি টেস্ট ম্যাচে অংশ নেন। 
 
ইত্তেফাক/কেআই