ভারতরে পশ্চিম উত্তরপ্রদেশের কৈরানায় ভুয়া ভোটারদের ছত্রভঙ্গ করতে গুলি চালাল বিএসএফ। ২০-২৫ জন ভুয়া ভোটার ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরে ঢোকার চেষ্টা করছিলেন; কিন্তু তাদের কারো কাছে কোনো পরিচয়পত্র ছিল না। তারা আক্রমণাত্মক হয়ে ওঠায় এই ভুয়া ভোটারদের ছত্রভঙ্গ করতে গুলি চালায় ঘটনাস্থলে উপস্থিত বিএসএফ জওয়ানরা। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ফের শুরু হয় নির্বিঘ্নে ভোটগ্রহণ। অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের তাড়িপাত্রী কেন্দ্রে ওয়াইএসআর কংগ্রেস এবং তেলুগু দেশম পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষে দুই দলের এক জন করে সমর্থকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার
পাশাপাশি, মহারাষ্ট্রের গড়চিরৌলিতে আইইডি বিস্ফোরণ ঘটিয়ে ভোট বানচালের চেষ্টা করে মাওবাদীরা। গড়চিরৌলি জেলার এটাপল্লিতে একটি ভোটগ্রহণ কেন্দ্রের সামনে এই হামলা চালানো হয়। যদিও এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ছত্তিশগড়ের বস্তারেও ভোটের দিন সকালে মাওবাদি-জওয়ান সংঘর্ষ। চলল গোলাগুলি। নারায়ণপুরের ফরাসগাঁওতে আইটিবিপি জওয়ানদের একটি কনভয় ভোটগ্রহণ কেন্দ্রের দিকে যাওয়ার সময় হামলা চালায় মাওবাদিরা।