শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত দুইশ রানের সুবাদে আইসিসি একদিনের র্যাঙ্কিংয়ে দুইধাপ উঠলেন রোহিত শর্মা। তিনি এখন পাঁচ নম্বরে। ক্যারিয়ারে এই প্রথম ৮শ’র বেশি পয়েন্ট পেয়েছেন ভারতের এই ডানহাতি ব্যাটসম্যান। এখন তার পয়েন্ট ৮২৫। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে আইসিসি র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে গিয়েছিলেন রোহিত। সেটাই এখনও পর্যন্ত তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। তবে এবারই সবচেয়ে বেশি পয়েন্ট পেলেন তিনি।
ভারতের অ্যান্য ব্যাটসম্যানদের মধ্যে শিখর ধাওয়ান একধাপ উঠে আছেন ১৪ নম্বরে। যথারীতি শীর্ষে অধিনায়ক বিরাট কোহলি। তার পয়েন্ট ৮৭৬। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের পয়েন্ট ৮৭২।
ভারতের বোলারদের মধ্যে লেগস্পিনার যুজবেন্দ্র চাহল ২৩ ধাপ উঠে এখন ২৮ নম্বরে। চায়নাম্যান কুলদীপ যাদব ১৬ ধাপ উঠে ৫৬ নম্বরে। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ১০ ধাপ উঠে ৪৫ নম্বরে।
দলীয় র্যাঙ্কিংয়ে কোনও বদল হয়নি। ১২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকা ভারতের পয়েন্ট ১১৯। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই সিরিজে ৩-০ ফলে জিততে পারলে এক নম্বরে চলে যেত ভারত। কিন্তু প্রথম ম্যাচেই হেরে সেই সুযোগ হারান রোহিতরা।
ইত্তেফাক/রেজা