বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া করা সেই অধ্যক্ষ দুইদিনের রিমান্ডে

 
বিজয় দিবসে বঙ্গবন্ধুর খুনিদের জন্য বেহেস্ত নসিবের দোয়া করায় গ্রেফতার হওয়া সেই অধ্যক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট আদালত মঙ্গলবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। টাঙ্গাইল ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্বপ্রাপ্ত কোর্ট ইন্সপেক্টর (প্রসিকিউশন) আব্দুল জলিল এ তথ্য জানান। 
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল হাই রবিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। সোমবার বিজ্ঞ আদালত রিমান্ড শুনানির আবেদন মঞ্জুর করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়ার আদালতে মঙ্গলবার রিমান্ড মঞ্জুরের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকারকে দুই দিনের পুলিশ রিমান্ডে দেয়া হয়।
 
উল্লেখ, শনিবার বিজয় দিবসে মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একাত্তরে শহীদদের রুহের মাগফেরাত কামনায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জড়িতদের বেহেস্ত কামনা করে মোনাজাত করার অভিযোগে ওই অধ্যক্ষকে পুলিশ প্রথমে আটক করে। পরে ওইদিন রাতে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৬ ধারায় জনগণের মধ্যে ঘৃণা ছড়ানো, জনগণকে দাঙ্গার জন্য উস্কানি দেওয়াসহ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মামলা দায়ের হয়। মামলার বাদী হন গোপালপুর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এবং জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের তালুকদার। পুলিশ রবিবার তাকে আদালতে চালান দিলে ম্যাজিস্ট্রেট তাকে জেলহাজতে পাঠান। 
 
ইত্তেফাক/আরকেজি